একমাস সিয়াম সাধনার পর আজ ১০ এপ্রিল বুধবার ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে উদযাপন হলো মুসলিম উম্মাহ'র অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল- ফিতর।
সকাল ৭টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে চারটি জামাত হয় এডিনবার্গের ব্লাক হল মসজিদে। এছাড়া সেন্ট্রাল মসজিদ, সিটি সেন্টার মসজিদ, লেইথ মসজিদ, পোরটোবেল্লো মসজিদসহ এডিনবার্গ শহরের বিভিন্ন মসজিদে একাধিক জামাতে সমবেত হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
এতে যোগ দেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাঙালিরাও। এ সময় তারা দেশে থাকা স্বজনদের স্মরণ করেন। বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
বাংলাদেশীসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের আমেজ ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে একে ওপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। দেশে রেখে আসা স্বজনদের স্মরণে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কর্ম দিবস থাকা সত্ত্বেও দলে দলে নারী,পুরুষ, শিশু-কিশোর নামাজ আদায় সমবেত হন মসজিদে।
