‘জয় শ্রী রাম’ এখন মারধরের মন্ত্র: অমর্ত্য সেন

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৯:৩৩

নোবেল জয়ী ভারতীয় অথনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘আমি এর আগে কখনও এভাবে জয় শ্রী রাম শুনিনি। এখন মানুষকে মারধরে এটা ব্যবহার করা হচ্ছে। বাঙালি সংস্কৃতির সঙ্গে এর কোনও যোগসূত্র নেই বলেই আমার ধারণা।’ শুক্রবার বিকালে কলকাতায় যাদবপুরে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দানকালে ‍তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ যখন শুনি বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষ ভীত, শঙ্কিত হয়ে রাস্তায় বের হন এই শহরে, তখন আমার গর্বের শহরকে চিনতে পারি না। এসব নিয়ে প্রশ্ন তোলা দরকার।’

অমর্ত্য সেন বলেন, ‘জয় শ্রী রাম, রাম নবমী—এসব কোনও কিছুর সঙ্গেই বাঙালির কোনও যোগ নেই। এখানে দুর্গাপুজো হয়।’

আরও পড়ুন: ‘নির্বাচন আসে যায়, আমাগোরে বাধ হয়না’

তিনি আরও বলেন, ‘এক সময় হিন্দু মহাসভা এ ধরনের সংস্কৃতির আমদানি ঘটানোর চেষ্টা করেছিল বাংলায়। বিভেদের রাজনীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল। এখন বিজেপি ঠিক সেই একই উদ্দেশ্যে বাংলায় ‘জয় শ্রী রাম’ সংস্কৃতির আমদানি ঘটানোর চেষ্টা করছে।’

একই দিন সকালেও একটি অনুষ্ঠানে বক্তব্য দেন অমর্ত্য সেন। সেখানে তিনি বলেন, ‘যখন শুনি কাউকে রিকশা থেকে নামিয়ে কিছু একটা বলতে বলা হচ্ছে এবং তিনি বলেননি বলে মাথায় লাঠি মারা হচ্ছে, তখন শঙ্কা হয়। বিভিন্ন জাত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পার্থক্য আমরা রাখতে দিতে চাই না। ইদানীং এটা বেড়েছে।’ সূত্র: আনন্দবাজার।

ইত্তেফাক/বিএএফ