টেকনাফ মেরিন ড্রাইভ থেকে মালিকবিহীন আইস উদ্ধার 

আপডেট : ১৭ মে ২০২৪, ১৯:৩৪

সাগর পথ ব্যবহার করে মিয়ানমার থেকে মাদকের চালান কক্সবাজারের টেকনাফে ঢুকানোর সময় ২ কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করার সময় পাচারকারী পালিয়ে গেলে আইস গুলো মালিকবিহীন পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)। 

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ মে) রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে সাগরপথে বাংলাদেশে আসতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল লম্বরী ঘাট এলাকায় অবস্থান গ্রহণ করে।এ সময় বঙ্গোপসাগরের তীরে লম্বরী ঘাট হতে একজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি পোটলা হাতে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে। 

উক্ত সময় টহলদল ওই ব্যক্তিকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা পোটলাটি ফেলে দ্রুত দৌড়ে রাতের অন্ধকারের পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া পোটলার ভেতর থেকে ২ কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। এবং পালিয়ে যাওয়া চোরাকারবারীকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রেখেছেন বলে অধিনায়ক জানায়।

ইত্তেফাক/পিও