নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপি ‘৩য় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’ চলছে। ‘মগজে দূর করি মননের কলঙ্ক’ স্লোগানকে প্রতিপাদ্য করে এ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
শুক্রবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
এ উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে গোল চত্বরে শেষ হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তুর্জ চৌধুরী সহ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। প্রথম দিনে চারটি পৃথক রাউন্ডসহ সেমিফাইনাল পর্যন্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান আজ শনিবার (১ জুন) অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেনে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক।

