বকশীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন 

আপডেট : ০৮ জুন ২০২৪, ১৯:৪৫

জামালপুরের বকশীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকীর নেতৃত্বে দৈনিক সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান মাসুদের ওপর হামলার প্রতিবাদে বকশীগেঞ্জ কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। 

শনিবার (৮ জুন) দুপুরে বকশীগঞ্জ বাসটার মিনালে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করে।

আন্দোলনকারী সাংবাদিকরা হামলাকারী মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশ শেষে সাংবাদিকরা এএসপি সার্কেল ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জের সাথে সাক্ষাৎ করেন। 

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির বিরুদ্ধে জামালপুরের আদালতে একটি চেক ডিজওনার মামলা হয়। ওই মামলার তথ্য সংগ্রহ করেন  জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান মাসুদ। বিষয়টি জানার পর মামলার বিষয়ে কোন সংবাদ পরিবেশন না করার জন্য বলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির স্বামী আতিক সিদ্দিকী। বিষযটি স্থানীয় সকল সাংবাদিক জানার পর একটি নিউজ তৈরি করেন। নিউজ তৈরি শেষ করে বাসায় ফেরার পথে ৭ জুন দিবাগত রাত ১২টার দিকে বকশীগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী নেতৃত্বে সাংবাদিক মাসুদ হামলার শিকার হন। হামলাকারীরা সাংবাদিক মাসুদকে হত্যা করার উদ্দেশ্যে তার মোটর সাইকেল গতিরোধ করে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে, মোটর সাইকেল ভাংচুর,ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক মাসুদকে উদ্ধার করে। এর প্রতিবাদে বকশীগেঞ্জ কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন ও সিনিয়র সাংবাদিক সরওয়ার জামান রতন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপরও হামলা করেছিলেন। মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে বকশীগঞ্জ শহর থেকে ধরে নিজ বাসায় নিয়ে পিটিয়ে আহত করে ছিলেন। উল্লেখিত দুই ব্যক্তি প্রকাশ্যে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম জাতির জনক বঙ্গবন্ধুর ছবিও ভাংচুর মামলার বাদী। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে ছিলেন সাবেক ভাইস মহিলা চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির স্বামী আতিক সিদ্দিকী। 

ইত্তেফাক/পিও