সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী পদে বড় নিয়োগ

আপডেট : ১১ জুন ২০২৪, ১৭:৪৫

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী (ইউনিয়ন) পদে ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। 

১৬ তম গ্রেডের এই স্থায়ী চাকরিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের ১৮ থেকে ৩০ বছরের নাগরিক। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স-সীমা শিথিল থাকবে ৩৫ বছর পর্যন্ত। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স-সীমা থাকবে ৩২ বছর।

সমাজকর্মী পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। আবেদনের সময়সীমা থাকবে ১২ জুন থেকে ১৮ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন করার ঠিকানা: http://dss.teletalk.com.bd। 

বিজ্ঞপ্তিতে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি জেলার নাগরিকদের আবেদন না করার জন্য বলা হয়েছে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

ইত্তেফাক/এআই