এসএসসি পাসেই চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৪:৪৬

বাংলাদেশ সেনাবাহিনীর টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী পুরুষ প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদ: সৈনিক
শাখা: টেকনিক্যাল শাখা, ট্রেড-১
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: যে কোনো স্থান

যোগ্যতা ও বয়স

প্রার্থীদের এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে। মাদরাসা, কারিগরি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাস মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে।

২০২৭ সালের ১ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

সাধারণ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি হতে হবে।

বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি নির্ধারণ করা হয়েছে।

বেতন ও অন্যান্য সুযোগ

নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন দেওয়া হবে। পাশাপাশি সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে

আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট ২০২৬ থেকে। প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। অনলাইনে আবেদন শেষে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে তা প্রিন্ট করা যাবে না।

নির্ধারিত সময়ের পর কিংবা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি

পরীক্ষার ফি ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা—সব মিলিয়ে মোট ৩০০ টাকা জমা দিতে হবে।

নিয়োগ পরীক্ষা

বাছাই প্রক্রিয়ায় কয়েকটি ধাপ রয়েছে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে প্রশ্ন থাকবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।

ইত্তেফাক/এসএ