‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’

আপডেট : ১৫ জুন ২০২৪, ২১:২৬

ঈদে রুনা লায়লার নতুন গান ও সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ বেতারে প্রচার হবে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে উপমহাদেশের প্রখ্যাত সংগীত-শিল্পী রুনা লায়লার একটি নতুন গান বাংলাদেশ বেতারে প্রচার হবে। একইসঙ্গে তার একটি সাক্ষাৎকারও প্রচার করা হবে।

‘ভেজা ভেজা রাত ভেজা ভেজা মন’ শিরোনামে নতুন এই গানটি রচনা করেছেন নন্দিত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন মো. সাদেক আলী। 

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম ইউনিটের স্টুডিওতে গত ৯ জুন গানটি রেকর্ড করা হয়। রেকর্ডিং শেষে গানটি শুনে রুনা লায়লা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। গান রেকর্ডিং শেষে রুনা লায়লা তার সংগীতজীবন নিয়ে একটি সাক্ষাৎকার প্রদান করেন। 

সাক্ষাৎকার গ্রহণ করেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক এবং বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক আশরাফুল আলম। 

সাক্ষাৎকার প্রদান শেষে রুনা লায়লা বলেন, ‘এ সাক্ষাৎকারের মাধ্যমে কথায়-কথায় অনেক কথা বেরিয়ে এলো।’ এ সময় বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক শ্যামল চৌধুরীসহ কলাকুশলীগণ উপস্থিত ছিলেন। 

রেকর্ডিং শেষে রুনা লায়লা বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রুনা লায়লার এই গান এবং সাক্ষাৎকার প্রচার করা হবে পবিত্র ঈদুল আজহার দিন বেলা ১১টায় বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার থেকে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ শিরোনামের অনুষ্ঠানে। 

উল্লেখ্য, রেডিও সেটের মধ্যম তরঙ্গ এএম ৬৩০ মেগাহার্জ এবং ঢাকায় এফএম ৯০ ও ১০৪ মেগাহার্জে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হয়। 

এ ছাড়া বাণিজ্যিক কার্যক্রমের ওয়েবসাইট www.betarcommercialservice.gov.bd এবং Bangladesh Betar মোবাইল ফোন অ্যাপেও অনুষ্ঠানটি শোনা যাবে।

ইত্তেফাক/পিও