শক্তিশালী ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। দেশটির পূর্বাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার স্থানীয় সময় রাত ৯টা ৮ মিনিটে দেশটির উত্তরের মালুকুর টারনেট শহর থেকে ১২৯ কিলোমিটার দূরে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর পরই সুনামি সতর্কতা জারি করেছে দেশেটির আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিচ্ছে প্রশাসন।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ২৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। উত্তর সুলোওয়েসি থেকে উত্তর মালুকুর মাঝে মোলুক্কা সমুদ্রে এটি সৃষ্টি হয়।
এর আগে গত ২৪ জুন দেশটিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় যার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে দেশটির সুমাত্রার পাশে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এরপর সুনামিতে অন্তত ২ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
ইত্তেফাক/আরকেজি
