বাবুল হত্যার বিচারের দাবিতে উত্তাল বাঘা

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০০:৩১

রাজশাহীর আলোচিত বাবুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাঘায়। 

বুধবার (১০ জুলাই) বিকালে হত্যাকাণ্ডের প্রধান আসামি পৌর মেয়র আক্কাছ ও ইউপি চেয়ারম্যান মেরাজজের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। 

এর আগে বাবুল হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবি জানিয়ে মিছিল করেছে বাঘা উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আড়ানী পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, চারঘাট উপজেলা আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা।

বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় নিহত বাবুলের ছেলে আশিক জাবেন লাবু বলেন, আমার বাবা তার পরিবারের চেয়েও রাজনৈতিক নেতা-কর্মীদের বেশি ভালোবাসতেন। আজ তিনি আমাদের মাঝে নেই। মেয়র আক্কাছ ও চেয়ারম্যান মেরাজ পরিকল্পিত ভাবে আমার বাবাকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। 

এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জিামান রিন্টু, চাকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির,  মানববন্ধনের হামলায় আহত আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক।

সমাবেশে বক্তারা বলেন, বাবুল হত্যা মামলার বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত  বাঘায় আন্দোলন চলবে। 

উল্লেখ্য, গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাছের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়র আক্কাছের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা হয়।  

ইত্তেফাক/এসএ