সুহা পড়তে বসলে প্রতিদিনই সুন্দর একটা রঙিন প্রজাপতি তার জানালার পাশ দিয়ে ওড়াউড়ি করে। মাঝে মাঝে জানালার গ্রিলে বসে চুপচাপ সুহার দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হয়, কিছু বলতে চায়। কিন্তু প্রজাপতি তো আর কথা বলতে পারে না।
একদিন সুহা বসে বসে খাতায় কিছু একটা আঁকতে চেষ্টা করছিল। এমন সময় সেই রঙিন প্রজাপতিটা এসে জানালার ফাঁক গলে সোজা সুহার খাতার ওপরে বসে পড়ল। সুহা তো অবাক! চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে প্রজাপতিটার দিকে! তারপর ধীরে ধীরে তার খাতায় প্রজাপতিটাকেই আঁকতে শুরু করে। এমন সময় সুহার নাম ধরে কাউকে ডাকতে শুনল। কিন্তু আশপাশে কাউকে দেখতে পেল না। তাছাড়া এমন কণ্ঠে কেউ কখনো তাকে ডাকতে শোনেনি সুহা। ভালোভাবে খেয়াল করে দেখতে পেল—প্রজাপতিটাই তার সাথে কথা বলছে।
সে বলছে, আচ্ছা সুহা, পড়ালেখা করতে তোমার কেমন লাগে? সুহার সোজাসাপটা উত্তর—খুবই বোরিং লাগে। প্রতিদিন ব্যাগভর্তি বই-খাতা কাঁধে স্কুলে যাওয়া, আবার বাসায় ফিরে একগাদা বাড়ির কাজ করা—এসব আমার মোটেও ভালো লাগে না। সুহার কথা শুনে প্রজাপতিটা ফিকফিক করে হেসে উঠল এবং বলল, তুমি কি আমার মতো রঙিন প্রজাপতি হতে চাও? সুহার উত্তর, হতে পারলে কী-ই না ভালো হতো! প্রজাপতি বলল, ঠিক আছে, তুমি তাহলে চোখ বন্ধ করো। সুহা চোখ বন্ধ করলে প্রজাপতিটা তার মাথায় এসে বসল, আর সঙ্গে সঙ্গে সুহা অত্যন্ত সুন্দর একটা রঙিন প্রজাপতি হয়ে গেল।
এবার দুজন মিলে উড়তে শুরু করল। উড়তে উড়তে এক জায়গায় গিয়ে তারা দেখল—একটা মাঠে অনেক শিশু মনের আনন্দে খেলছে। দুজন মাঠের পাশে একটা গাছের ওপর বসে মুগ্ধ হয়ে অনেক্ষণ শিশুদের খেলা দেখল।
তারপর দুজন মিলে আবার উড়তে শুরু করল। উড়তে উড়তে কিছুদূর গিয়ে দেখতে পেল—দিগন্তজোড়া সরিষার মাঠ—যেন কেউ হলুদ রঙের বিশাল চাদর বিছিয়ে রেখেছে। নিচে নেমে দুজন সরিষা খেতের ফুলে ফুলে ওড়াউড়ি করতে লাগল। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মন ভরে উঠল। চুকচুক করে সরিষা ফুলের মধুও খেয়ে বেশ মজা পেল।
তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আবার দুজন উড়তে শুরু করল। উড়ে উড়ে গাছপালা, বাড়িঘর, নদীনালা ঘুরে ঘুরে দেখতে থাকল। এসব দেখতে কী যে ভালো লাগছিল সুহার, তা বলে বোঝানো যাবে না। এমন সময় হঠাত্ কোথা থেকে একটা ফিঙে পাখি উড়ে এসে ছোঁ মেরে সুহার সাথের প্রজাপতিটাকে ধরে নিয়ে চলে গেল। তা দেখে ভয়ে সুহা চিত্কার দিয়ে উঠতেই তার ঘুম ভেঙে যায়। সুহা ভয়ে কাঁপতে থাকে, দরদর করে তার শরীর বেয়ে ঘাম ঝরতে থাকে। ভয়ে চিৎকার দিয়ে মাকে ডাকে সুহা।

