গাইবান্ধায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৪ জুলাই) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তারা অভিযোগ করেন, রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো গাইবান্ধাতেও কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা বের করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গাইবান্ধা শাখার সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা জানান, দুপুরে কলেজ চত্বরে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গণপদযাত্রা বের করে। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা করে। এতে ৬-৭ জন আহত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস জানান, এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ব্যানার কেড়ে নেয়।
আন্দোলনকারীরা বিকাল ৩টায় জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের ডিবি রোডের জিরো পয়েন্ট গিয়ে শেষ করে। পরে সেখানে তারা একটি বিক্ষোভ সমাবেশ করে। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি করেন।
গাইবান্ধা সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম বিশাল জানান, কোটা সংস্কারের নামে ক্লাস ও পরীক্ষা বর্জনের চেষ্টা করলে ছাত্রলীগ তার প্রতিবাদ করবে। তিনি আরও বলেন, কোটা সংস্কারের বিক্ষোভ মিছিলে কলেজ চত্বরে ব্যানার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বামপন্থী সংগঠনের কথা কাটাকাটি শুরু হয়। ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে থামাতে গিয়েছিল। হামলার সঙ্গে আমরা জড়িত নই।
