আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল শুরু হতে তখন খুব একটা বাকি নেই, হঠাৎই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হয় বিশৃঙ্খলা। টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টা করছে অসংখ্য দর্শক। নিরাপত্তাকর্মীরা কিছুতেই যেন থামাতে পারছিলেন না তাদের।
বেষ্টনী পেরিয়ে এবং নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশের চেষ্টা করায় তৈরি হয়েছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলার মধ্যে টিকিটধারী অনেক দর্শক মাঠে ঢুকতে গিয়ে আহতও হয়েছেন। এমন অবস্থায় ফাইনাল শুরুর নির্ধারিত সময় আধা ঘণ্টা পিছিয়ে দেয় দক্ষিণ আমেরিকার ফুটবলের হর্তাকর্তা কনমেবল।
খেলা মূলত শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৬টায়। এরপর সময় নির্ধারণ করা হয় সাড়ে ৬টা। কিন্তু তখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আবারও পরিবর্তন হয় সময়। অবশেষে দেড়ঘন্টা পিছিয়ে খেলা শুরু হয় সাড়ে ৭টায়।
এর আগে দুই দলের খেলোয়াড়েরা যথাসময়ে স্টেডিয়ামে প্রবেশ করেন। মেসিদের মাঠে নেমে গা গরম করতেও দেখা যায়। তবে দর্শকদের গণ্ডগোলে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ। ম্যাচ পিছিয়ে গেলেও দুই দল নিজেদের সেরা একাদশ নিয়ে শিরোপা লড়াইয়ের জন্য প্রস্তুত।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, এনজো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।
কলম্বিয়ার একাদশ: কামিলো ভারগাস, সান্তিয়াগো আরিয়াস, ডেভিডসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, ইউহান মোহিকা, রিচার্ড রিওস, জেফারসন লার্মা, জন আরিয়াস, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, জন করদোভা।

