অবসরের ঘোষণা আগেই দিয়েছিলন আনহেল ডি মারিয়া। অবশেষে কোপা আমেরিকার ফাইনালের মধ্যে দিয়ে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর শেষটাও রাঙালেন শিরোপা জয়ের মধ্যে দিয়ে। এমন বিদায়ই চেয়েছিলেন তিনি।
সোমবার (১৫ জুলাই) কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে গোল করেন লাওতারো মার্টিনেজ। এ দিন শুরু একাদশে থাকা ডি মারিয়া খেলেছেন ১১৭ মিনিট। মাঠ ছাড়ার সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে।
গোল না পেলেও ফাইনালে ম্যাচসেরা হয়েছেন ডি মারিয়া। এমন বিদায়ই চেয়েছিলেন জানিয়ে ম্যাচ শেষে গণমাধ্যমকে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমি এটার স্বপ্নই দেখেছিলাম। তাই বলেছিলাম, এটা আমার শেষ কোপা আমেরিকা হবে এবং এখানেই তা শেষ হয়েছে। আমি স্বপ্ন দেখেছিলাম, ফাইনালে উঠব। আমি স্বপ্ন দেখেছিলাম, এটি জিতব, এভাবেই অবসর নেব।’
দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪৫টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। তবে তার কাছে স্মরণীয় হয়ে থাকবে তিন ফাইনালে করা তিনটি গোল।
২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে ২৮ বছরের খরা কাঁটিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে লা ফিনালিসিমা আর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোলের দেখা পেয়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

