'এই আসছি' বলে বেরিয়ে পাঁচদিনেও ফেরেন নি জয়

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৩:৩৫

এই আসছি বলে ঘর থেকে বেরিয়ে পাঁচদিনেও বাড়ি ফিরে আসেন নি জয় হোড় (২৫) নামের এক তরুণ। তিনি কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল গ্রামের অজিত হোড়ের ছেলে। গেল ২৯ জুলাই রাতে বাড়ি থেকে বের হন জয়। একমাত্র ছেলে পাঁচদিন ধরে নিখোঁজ থাকায় চরম উৎকণ্ঠায় সময় কাটছে জয়ের বাবা-মায়ের।

এ ঘটনায় ৩০ জুলাই জয়ের বাবা অজিত হোড় রামু থানায় একটি সাধারণ ডায়েরি করলেও ছেলের হদিস না পেয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন মা।

জয় হোড় পেশায় ইলেকট্রিশিয়ান। বাড়ির পাশের একটি দোকানে তিনি কাজ করতেন।

নিখোঁজ জয়ের বাবা অজিত হোড় বলেন, গত ২৯ জুলাই রাত ১০টার দিকে 'কয়েক মিনিট লাগবে, আসছি' বলে জয় ঘর থেকে বের হয়। ঘণ্টা পার হলেও ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন করি। রাত পৌনে ১১টার দিকে একবার ফোন ধরে একটা অনুষ্ঠানে আছি বলে ফোন কেটে দেয়। এতে চিন্তায় পড়ি। পরে জয়ের নম্বরে আরও কয়েকবার ফোন করি, ফোন ধরে না। সেদিন রাত পৌনে দুইটা থেকে ফোন বন্ধ পাওয়া যায়।

অজিত বলেন, ছেলের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তর, আদালতসহ সম্ভাব্য সবখানে খোঁজ নিয়েও ব্যর্থ হয়েছি। এর মধ্যে কেউ মুক্তিপণও দাবি করেনি। তার চিন্তায় বারবার জ্ঞান হারাচ্ছেন জয়ের মা।  

জয়ের মা শৈল বালা হোড় বলেন, জয় নিরীহ প্রকৃতির ছেলে, তার কোনো শত্রু নেই। কোনোদিন পাড়ায় কারোর সঙ্গে ঝগড়াও করেনি ৷ আমার একমাত্র ছেলে জয়কে ৫দিন ধরে না পেয়ে মুখে খাবার তুলতে পারিনি। আমার ছেলে বেঁচে আছে, না মারা গেছে কেউ নিশ্চিত হতে পারছে না। 

জয়ের প্রতিবেশী সাদেক মাহমুদ বলেন, জয় খুব শান্তশিষ্ট ছেলে। কোনো দিন তার সম্পর্কে খারাপ কথা শোনা যায়নি। আর পরিবারটিও এমন সচ্ছল নয় যে, মুক্তিপণের আশায় কেউ তাকে অপহরণ করবে। কী কারণে সে নিখোঁজ বুঝে উঠতে পারছি না। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, বিষয়টি নিয়ে জিডি হবার পর নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করছে পুলিশ। সব থানায় মেসেজ দেয়া হয়েছে। নিখোঁজ জয়ের মোবাইলের শেষ লোকেশন পাওয়া গেছে উত্তর ফতেখাঁরকুল। সেখানে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

ইত্তেফাক/এসটিএম