এস আলমের নির্মাণাধীন ভবনে লুটের চেষ্টা, তাড়া করলো জনতা

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৯:৪৫

চট্টগ্রামের পটিয়ায় দেশের আলোচিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নির্মাণাধীন একটি ভবন থেকে মালামাল লুটের চেষ্টা করা হয়েছে। তবে জনতার প্রতিরোধের মুখে গাড়িভর্তি এসব মালামাল নিয়ে যেতে পারেনি দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কচুয়ায় নির্মাণাধীন এস আলম হাউসে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা ঠিকাদারের লোকজনকে তাড়া করেন। পরে এস আলম হাউসের সিকিউরিটির তত্বাবধায়নে গাড়ির মালামাল বুঝিয়ে দেওয়া হয়।

জানা গেছে, উপজেলার কচুয়ায় ইউনিয়নের অলিরহাট এলাকায় নির্মাণাধীন এস আলম হাউসের ঠিকাদার কোরবান আলী নামের একব্যক্তি। দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে বৃহস্পতিবার দুপুরে এস আলম হাউস থেকে ইট, লোহার রড, সিমেন্টসহ বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তার লোকজন। এ খবর স্থানীয় জনতা তাদেরকে তাড়া করেন এবং মালামাল গাড়ি থেকে নামিয়ে নেন।

স্থানীয় মহিলা মেম্বার ময়ুরী আক্তার বর্ষা জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ঠিকাদারের লোকজন এস আলম হাউসের মালামাল লুট করে নিয়ে যেতে চেয়েছিল। তবে জনতার কারণে তা সম্ভব হয়নি। 

পটিয়া পৌরসভা বিএনপি নেতা শাহজাহান চৌধুরী জানিয়েছেন, স্থানীয় লোকজনের কারণে মালামাল লুট করতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে মালামাল লুট হলে পটিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হত। 

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার কোরবান আলী জানিয়েছেন, বকেয়া টাকা পরিশোধ না করায় কাজ বন্ধ করে মালামাল নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় জনতার বাঁধার কারণে মালামাল নিতে পারেননি। কাজ বন্ধ রাখার জন্য এস আলম গ্রুপের পক্ষ থেকে তাদেরকে একটি মেইলও দেওয়া হয়। সে মতে তারা মালামাল সরিয়ে নিতে চেয়েছিল। 

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, এস আলম হাউসের মালামাল লুট হওয়ার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ছুটে যায়। ঘটনাস্থলে পণ্যবাহী ট্রাক দেখলেও সেটি কার তা জানা যায়নি।

ইত্তেফাক/এসএএস