গভীর সমুদ্রে ১০ দিনের ট্রলারযাত্রার পর কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতকে মালয়েশিয়া বলে শতাধিক রোহিঙ্গাকে নামিয়ে দিয়ে পালিয়েছে একটি দালালচক্র। সোমবার (১৪ অক্টোবর) সকালে জালিয়াপালংয়ের ইনানী সৈকত থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, সাগর পথে সহজে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার লোভ দেখিয়ে মানবপাচার চক্র উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে এসব রোহিঙ্গা নারী-পুরুষকে ট্রলারে তুলেছিল। আটকের পর সন্ধ্যায় তাদের কুতুপালং ক্যাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে সৈকতের বেলাভূমি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন তারা। পাশে কোস্টগার্ডের স্টেশনে খবর দেওয়া হলেও তাৎক্ষণিক তৎপরতা না চালানোর সুযোগে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায়। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কূলে অবস্থানরত ২৬ জনকে আটক করে এবং কোস্টগার্ড স্টেশনে হেফাজতে রাখা হয়।
আটকদের মাঝে উখিয়ার ১৭নং ক্যাম্পের বাসিন্দা লায়লা বেগম জানান, মালেয়শিয়া যেতে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মিয়ানমার জলসীমা অতিক্রমকালে প্রথমদিন সেদেশের নৌবাহিনী বাঁধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে নেয়। সাগরে ১০ দিন বোট চালানোর পর আজ ভোরে মালয়েশিয়া তীরে এসেছি বলে আমাদের এখানে (ইনানী) নামিয়ে দিয়ে চলে যায় বোট ও দালালরা।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, স্থানীয়দের সহায়তায় ২৬ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডের কাছ রাখা হয়েছে। ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপের পর এব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলাপের পর সন্ধ্যায় আটক রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ক্যাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে যার যার ক্যাম্পে তাদের পাঠিয়ে দেওয়া হবে।
