ছাত্র আন্দোলনে হামলা চালানোর ঘটনায় শেখ হাসিনা সরকারের দোসরদের বিরুদ্ধে বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলার একাধিক আসামি জামিন পেয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বান্দরবানের ছাত্র সমাজ।
বুধবার (১৭ অক্টোবর) আসামিরা আদালতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন তাদের জামিন প্রদান করেন। এ ঘটনায় শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে ছাত্ররা বলেন, ছাত্রজনতার রক্তের দাগ এখনও শুকায়নি। এ সময় আসামিদের জামিন দেওয়ার বিষয়টি রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচারের পতাকা উত্তোলনের শামিল।
তারা আরও বলেন, যেখানে উচ্চ আদালতে এসব মামলার আসামিদের জামিনের দরখাস্ত গ্রহণ করেনি সেখানে বান্দরবানে সদ্য নিয়োগ প্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে আদালতে প্রকাশ্য ঘোষণা দিয়ে ছাত্র সমাজের মামলার একাধিক আসামিকে জামিন দিয়েছেন এবং মামলার অন্যান্য আসামিদের অতিদ্রুত জামিন করবেন বলে আদালতে বক্তব্য প্রদান করেন। যা খুবই দুঃখজনক।
তারা বলেন, তারা জামিনে ছাড়া পেয়ে বাইরে এসে আবারও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করবে। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও তারা বিচারকের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি জমা দিবেন বলে জানান।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর বৈষম্যবিরোধী ছাত্ররা হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার আসামি আবু তৈয়ব চৌধুরী ও মোশারফ হোসেনকে জামিন দিয়েছে আদালত এবং অপর একটি মামলার আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরীকেও জামিন দেন আদালত।
