ময়মনসিংহের গৌরীপুরে ভীমরুলের কামড়ে আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আহতদের সকলেই পথচারী ও অটোরিক্সা যাত্রী।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গাভীশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়সূত্রে জানা গেছে, গৌরীপুর শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গাছে ভীমরুলের বাসা রয়েছে। গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গাভীশিমুল গ্রামের বড় মসজিদের সামনে পথচারী ও অটোরিক্সার যাত্রীরা ভীমরুলের আক্রমণের মুখে পড়ে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী আহত ফেরদৌসী বেগম জানান, লামাপাড়া থেকে অটোরিক্সাযোগে রোগীদের নিয়ে আসার সময় গাভীশিমুল বড় মসজিদের সামনে আসতেই একপাল ভীমরুল অটোরিক্সার ভেতরে ঢুকে পড়ে। ৪০ দিন বয়সী একটি শিশুসহ ৮ জন ভীমরুলের কামড়ে আহত হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হারুন-অর-রশিদ জানান, ভীমরুলের কামড়ে গুরুতর আহত রহিমা (২৮), রাব্বি (১৬), রমজান (৩৫), আ. খালেক (৬০), সাদ্দাম (১৬), রাফাতসহ (২১) ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১ জনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
