শিবচরে ১৭ বছর পর বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মিলনমেলা

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২১:৩৯

মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির সাবেক মনোনীত প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা আপনাদের কণ্ঠরোধ করবেন না। আমার পিতার প্রতি শ্রদ্ধারেখে আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন। এবং আপনারা সরাসরি ভুল ত্রুটি প্রকাশ করবেন। আমি চাই না সাংবাদিকরা আর চাটুকারি করুক।   

শনিবার (২ নভেম্বর) শিবচরের পাচ্চঁর ইউনিয়নের বাহাদুরপুর নিজবাড়িতে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মিলনমেলায় এ কথা বলেন তিনি।

মিলন মেলায় আগত নেতারা বলেন, আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের আমলে দেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না। স্বৈরাচার হাসিনা দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। বিএনপি’র নেতাকর্মীরা দেশের মানুষের পাশে আছে আগামীতেও থাকবে। এ সময় সকল অপশক্তি রুখে দিতে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু) বলেন, বিগত দিনে যারা আমার সাথে ছিলেন, যারা সহযোগিতা ও সমর্থন করেছেন তাদের জন্য এক মিলন মেলার আয়োজন করেছি। আমাকে ও আমার দল বিএনপিকে বিগত দিনে যারা ভালোবেসে অত্যাচার নির্যাতন সহ্য করে আজ  আছে তাদের স্থান আমার বুকে। এখানে আমি চেষ্টা করেছি যারা বিগত দিনে এই (বিএনপি) দলটাকে মনে প্রাণে ভালোবেসেছে তাদের নিয়ে এই মিলন মেলা সম্পন্ন করতে। আমার মনে হয় আমি সফল। 

তিনি আরও বলেন, আপনারা এখন দেখতেছেন বিগত দিনে প্রাণ খুলে কথা বলতে পারেনি। আজকে তারই বহিঃপ্রকাশ এটা।

তিনি বলেন, এই বাড়িতে রাতে লাইট জ্বালাই নাই। আমি জানি লোক আসবে। লোক আসলে হয়তো আমাকে কিছু বলবে না। তবে যে আসবে ঐ লোকাটার সমস্যা হবে। আমি সন্ধ্যার সময় বাড়ি বন্ধ করে চলে গেছি। তারপরও যে করে হোক আমরা মিটিং, মিছিল, বিভিন্ন অনুষ্ঠান করেছি।

ভবিষ্যতে তারা যদি মিটিং মিছিল করতে চায় তাদেরকে আমরা সেই সুযোগ দিব। এ ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো কমতি থাকবে না। যিনি আওয়ামী লীগ করেন এটা কিন্তু দোষ না, কিন্তু যারা আওয়ামী লীগ বা বিএনপি করুন যদি বিভিন্ন খারাপ কাজ করে এটাই তার দোষ। আমি এখনো শক্তিশালী কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। এতে যে যাই ভাবুক।

উপজেলার সকল বিএনপির নেতাকর্মীদের এ মিলন মেলায় বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলার নেতাকর্মীরা দলে দলে অনুষ্ঠানে যোগ দেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এই মিলন মেলার অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার নেতা-কর্মীদের জন্য ছিল মধ্যাহ্নভোজের আয়োজন।

এ অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, শিবচর উপজেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) ইয়াজ্জেম হোসেন রোমান, মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির নেতা মো. আবুল কালাম মল্লিক, বিএনপি নেতা হেমায়েত হোসেন খান, শামীম চৌধুরী, মাদারীপুর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও