ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. সুমন মিয়া (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ—কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল পৌর সদরের জোড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত সুমন মিয়া নান্দাইল পৌরসভার দক্ষিণ চন্ডীপাশা গ্রামের শহীদ মিয়ার ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ওই ইজিবাইকের চালক। আহতের পরিচয় জানা যায়নি।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, নান্দাইল চৌরাস্তা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইকটি নান্দাইল পৌর শহরের দিকে যাচ্ছিল। বেলা দুপুর সোয়া ১২টার দিকে জোড় পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে—মুচড়ে গিয়ে চালক সুমন ছাড়াও আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। পরে আহত অবস্থায় অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে বাস ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
