একজন রেজা নুর: চন্দন বনের ঐশ্বর্য সংকলনের মোড়ক উন্মোচন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৫

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উত্তর বাড্ডার কামরুল কনভেনশন সেন্টারে মোড়ক উন্মোচিত হয়েছে একজন রেজা নুর : চন্দন বনের ঐশ্বর্য নামক সংকলনটির।

চতুরঙ্গ সম্পাদিত চন্দন বনের ঐশ্বর্য গ্রন্থটি মূলত কবি ও কথাসাহিত্যিক রেজা নুরের সাহিত্যের মূল্যায়নধর্মী একটি সংকলন। সংকলনটি সম্পাদনা করেন কবি ও কথাসাহিত্যিক জব্বার আল নাঈম।

মোড়ক উন্মোচন পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। দীর্ঘ আলোচনায় তিনি বলেন, রেজা নুর হলেন সত্যিকারের দেশপ্রেমিক ও লেখক। প্রবাস জীবনে শত ব্যস্ততার মধ্যেও যে একাধারে সাহিত্যের সকল শাখায় অবদান রেখে যাচ্ছেন। তাঁর কবিতাও অসামান্যভাবে উঠে এসেছে বাংলাদেশের সৌন্দর্য, প্রকৃতি ও পরিবেশের অপরূপ বর্ননা ও বন্দনা। তাঁর মতো লেখকের উচিত দেশে এসে নিজেকে উজার করে লেখালেখিতে পূর্ণ মনোযোগ দেওয়া।

মুখ্য আলোচকের বক্তব্যে কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক মুম রহমান বলেন, রেজা নুরের সরল ভঙ্গি ও বর্ণনা পাঠককে ধরে রাখতে সহযোগিতা করে। যে কোন বর্ণনা করতে গেলে তা যেন সত্যিকার বা বাস্তবিকভাবে দেখা মিলে। এছাড়াও তিনি লেখক রেজা নুরের অন্যান্য বইয়ের ছোট ছোট ব্যাখা ও বইয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে কবি সাম্মি ইসলাম নীলা রেজা নুরের আদমের আগের পৃথিবী নামক কবিতাটি পাঠের পাশাপাশি বলেন, সরল ভঙিমায় রেজা নুর যে চিত্র আঁকেন এককথায় তা অসাধারণ। রেজা নুর ব্যক্তি হিসেবেও প্রশংসনীয় একজন মানুষ। তিনি মানুষকে সহজেই আপন করে নিতে জানেন।

এছাড়াও কথা বলেন কবি ও সাংবাদিক পলিয়ার ওয়াহিদ, কবি মাহমুদ নোমান এবং কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক জব্বার আল নাঈম।

পলিয়ার ওয়াহিদ বলেন, যশোর আমার জন্ম এলাকা, মাইকেল মধুসূদন দত্ত, ফররুখ আহমেদ, রেজাউদ্দিন স্টালিন সেই পরম্পরায় যশোরে পেয়েছি রেজা নুরকে। তাঁর সঙ্গে পরিচয়ের আগে পরিচিত হই তাঁর লেখার সঙ্গে। এখনো ভোর উপন্যাস পড়েছি, অসম্ভব ভালো লাগা কালজয়ী উপন্যাস।

চতুরঙ্গ সম্পাদক জব্বার আল নাঈম বলেন, লেখালেখির কারণে রেজা নুরকে দেশের মানুষ চিনতে পেরেছি সত্যি কিন্তু, তাঁর আরো কিছু অবদান আছে, তিনি সত্যিকারের দেশপ্রেমিক। তিনি স্থানীয়ভাবে অনেক উন্নয়নমূল কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সঞ্চালনকারী হিসেবে ছিলেন বিশিষ্ট উপস্থাপিকা জিনাত রেহানা লুনা।

উক্ত অনুষ্ঠানে লেখক রেজা নুর নিজেও সংক্ষিপ্ত আকারে নিজের জীবন ও লেখালেখি নিয়ে কথা বলেন। এসময় সভাপতিত্ব করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান।

উল্লেখ একই অনুষ্ঠানে রেজা নুরের আরো দুটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। প্রথমটি কবিতাগ্রন্থ আদমের আগের পৃথিবী এবং উপন্যাস `চেনা আগুন`।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন