বাংলাদেশের জাতীয় বাজেট প্রণয়ন পদ্ধতির দুর্বলতা ও বৈশ্বিক কাঠামোর অন্তরালের গোপন খতিয়ান উন্মোচন করে প্রকাশিত হয়েছে সাংবাদিক রাশেদ কাঞ্চনের নতুন গ্রন্থ ‘ফাইভসি দুর্নীতি, ষড়যন্ত্র, পুঁজিবাদ, বৈপরীত্য এবং সহযোগিতা’। যুক্তরাষ্ট্রের প্যান আমেরিকান পাবলিশার্স ইনকর্পোরেটেড থেকে প্রকাশিত গ্রন্থটি ইংরেজি ভাষায় একযোগে নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, টোকিও, সিঙ্গাপুর, দুবাই এবং ঢাকাসহ বিশ্বের একাধিক শহরে প্রকাশ পেয়েছে।
এই গ্রন্থটি লেখকের ২৫ বছরের নিবিড় গবেষণা, সাংবাদিকতা এবং বাজেট পর্যালোচনার ফল। লেখক এই বইয়ে তুলে ধরেছেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের করদাতাদের অর্থ, বিদেশি ঋণ ও সাহায্যের কিভাবে অপব্যবহার হয়েছে। ফাইভসি বইটি মূলত বাজেট ব্যবস্থাপনায় পাঁচটি কাঠামোগত সংকটকে কেন্দ্র করে নির্মিত। দুর্নীতি, ষড়যন্ত্র, পুঁজিবাদ, বৈপরীত্য ও সহযোগিতা। লেখকের ভাষায়, এই পাঁচটি কাঠামোগত সংকট পাঁচ দশক ধরে বাজেট ব্যবস্থাকে ধীরে ধীরে একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটে ঠেলে দিয়েছে। ফাইভসি কেবল জাতীয় বাজেট বিশ্লেষণেই সীমাবদ্ধ নয়। এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থাপনা, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং দক্ষিণ এশিয়ার নির্ভরশীল কাঠামোর গভীর বিশ্লেষণও প্রদান করে।
গ্রন্থটি সহ-সম্পাদনা করেছেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেরি উইলিয়াম, যার মাধ্যমে বইটিতে আন্তর্জাতিক একাডেমিক মানদন্ডের সঙ্গে স্থানীয় অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটেছে। গ্রন্থটির বৈশ্বিক বিতরণ করছে প্যানোরামা পাবলিশিং কোম্পানি, প্যারিস, যা আন্তর্জাতিক পাঠাগার, বিশ্ববিদ্যালয় ও নামকরা বইয়ের দোকানে বইটি সরবরাহ করছে।

