বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আবারও উপরের দিকে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর মান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ২১৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্যমতে, তালিকার শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার (২৫৮), দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (২৫০), তৃতীয় স্থানে ঢাকা (২১৭), চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে চীনের সাংহাই (১৮৩) এবং নেপালের কাঠমান্ডু (১৮১)।
ঢাকা, ডাকার ও দিল্লির বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে, অন্যদিকে সাংহাই ও কাঠমান্ডুর বায়ুমান কিছুটা ভালো হলেও তা এখনো ‘অস্বাস্থ্যকর’ পর্যায়েই রয়ে গেছে।
আইকিউএয়ারের বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী:
- ০-৫০: ভালো
- ৫১-১০০: মাঝারি বা সহনীয়
- ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১-২০০: অস্বাস্থ্যকর
- ২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর
- ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ
ঢাকার বাতাসের এই বিপজ্জনক মান স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে, বিশেষত শিশু, বৃদ্ধ ও শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য। দূষণ কমানোর জন্য কার্যকরী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এয়ার কোয়ালিটি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
