বগুড়ার শেরপুর থেকে পামওয়েল ভর্তি ডাকাতি হওয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে নওগাঁর সাপাহার এলাকার একটি গুদাম থেকে প্রায় ২২ লাখ টাকার পামওয়েল তেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ওই গুদামে অভিযান চালিয়ে ৭৫ ড্রাম পামওয়েল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট তেলের পরিমাণ ১৩ হাজার ৯৫০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।
এসময় ডাকাতদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাপাহারের ওই গুদাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাক উদ্ধারের আগেই এই ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তারদের নাম প্রকাশ করেননি তিনি।
পুলিশ জানায়, সোমবার সকালে গোদাগাড়ীর ললিতনগর এলাকায় রাস্তার পাশে ওই ট্রাক পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। পরে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও তদন্তের মাধ্যমে জানা যায় নওগাঁর সাপাহার উপজেলায় ট্রাক থেকে একটি গুদামে তেল নামিয়ে নেওয়া হয়েছে। এ খবরে অভিযানে নামে পুলিশ। অভিযান চালিয়ে লুট হওয়া পাম্পওয়েল উদ্ধার করা হয়। ডাকাতদলের সঙ্গে সম্পৃক্ততার দায়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার চট্টগ্রাম থেকে ওই ট্রাকটি পামওয়েল নিয়ে রংপুরে যাচ্ছিল। রাতে বগুড়া-শেরপুর সড়কের ছনকা এলাকায় আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় ডাকাতদল।এসময় ট্রাকটি থামিয়ে চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকে তুলে নেওয়া হয়। এরপর কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের অচেতন করে ফেলে দেওয়া হয়।
ওসি রুহুল আমিন জানান, যারা ট্রাকটি ডাকাতি করেছিল তাদের এখনও গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাপাহারে গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয় বলে জানান তিনি।
