অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতা, পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৬:১২

পেরুতে সহিংস অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে দেশটির কংগ্রেস। শুক্রবার (২১ মার্চ) এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক দায়িত্ববোধ ও দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে এবং সহিংস অপরাধের বৃদ্ধি মোকাবেলায় অক্ষমতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান হোসে সান্তিভানেজকে পদ থেকে অপসারণের পক্ষে ৭৯ ভোট এবং বিপক্ষে ১১ ভোট পড়ে। ২০ জন আইনপ্রণেতা ভোটদানে বিরত ছিলেন।

গত সপ্তাহে রাজধানী লিমার বাইরে একটি কনসার্টের পর কাম্বিয়া তারকা পল ফ্লোরেসকে ট্যুর বাসে হামলাকারীরা গুলি করে হত্যা করে। এরপর দক্ষিণ আমেরিকার দেশটিতে তীব্র উত্তেজনার মধ্যে মন্ত্রীকে বরখাস্ত করা হলো।

গতকাল শুক্রবার লিমায় একটি বিক্ষোভের ঠিক আগে স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। ফ্লোরেসের হত্যার পর শত শত মানুষ পেরুভিয়ান কংগ্রেসের দিকে মিছিল করে সরকারকে চাঁদাবাজি এবং হত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

জাতীয় মৃত্যুর তথ্য ব্যবস্থা অনুসারে, বছরের প্রথম তিন মাসে পেরুতে ৪৫৯টি অপরাধ-সম্পর্কিত হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের মতে, এই সংখ্যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ।

গত সোমবার সরকার রাজধানীতে এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে। পুলিশকে সংগঠিত অপরাধ দমনে সেনা মোতায়েনের অনুমতি দেওয়া যায়।

অনেক লাতিন আমেরিকার দেশে লুটপাটের অপরাধ বেশ জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। বর্তমানে পেরুতে উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে এই সমস্যা। আন্তর্জাতিক গ্যাংসহ পুরো পাড়া-মহল্লায় বিভিন্ন গ্যাং বাস চালক, দোকানদার, হেয়ারড্রেসার, এমনকি শিক্ষকদেরও অর্থ না দিলে হুমকি দেয়।

ইত্তেফাক/এসকে