জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবের পদত্যাগ

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৮:০৭

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন আহ্বায়ক সুলতানুছ ছালেহীন এবং সদস্য সচিব জিসানূর রহমান জিসান।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানুছ ছালেহীন। এর আগে ১২ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের ১৬১ সদস্য নিয়ে বকশীগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি গঠন হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা কমিটির আহবায়ক বরাবর লিখিত পদত্যাগ পত্রে সুলতানুছ ছালেহীন লিখেছেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আপনাদের নেতৃত্ব আমাকে উৎসাহিত করেছে। আমি আপনাদের মাধ্যমে আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর থেকে সততা এবং ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে সর্বাত্বক চেষ্টা করেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সংগঠনে থাকার চেয়ে সংগঠনের বাইরে থাকায় অধিকতর শ্রেয় বলে মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তাফা দেওয়া সমীচীন মনে করছি। এমতাবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বকশিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক পদ থেকে অব্যাহতি চাচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি।’

অন্যদিকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জিসানূর  রহমান জিসান জানান। তিনি বলেন, আমি জেলা কমিটিকে আমার মতামত লিখিতভাবে জানিয়েছি। জেলা কমিটি আমার পদত্যাগ পত্র রিসিভ করেছেন এবং আমাকে অব্যাহতি দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানান, তাদের পদত্যাগের বিষয়ে জেলা কমিটি অবগত আছে। প্রয়োজনীয় ব্যবস্থা চলমান।

ইত্তেফাক/এপি