বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া রাওজাতুল উলুম মাদ্রাসার সাফল্য 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২১:৪৫

প্রতি বছরের ন্যায় এবারও বেফাকুল মাদারিসিল আরাবিয়া কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে জামিয়া রাওজাতুল উলুম মাদ্রাসার সব বিভাগের শিক্ষার্থীরা। 

সম্প্রতি প্রকাশিত ফলাফলে মো. তানজিল আহমেদ মুয়াজ ১৯৯ নাম্বার পেয়ে হিফজুল কুরআন বিভাগে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও মো. নিয়ায উদ্দিন, মো. নাজমুস সাকিব ও মো. উমায়ের বিন হাসান প্রত্যেকে ১৯৮ নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। 

হিফজূল কুরআনের পাশাপাশি কিতাব বিভাগের বেশকিছু শিক্ষার্থী মুমতায হওয়ার সঙ্গে সঙ্গে মাছুম বিল্লাহ মারহালা মুতাওয়াসসিতাহ ২৯তম ও নাছির উদ্দিন (নাঈম) মারহালা মুতাওয়াসসিতাহ ৪০তম মেধাস্থান অর্জন করেছে। বিগত শিক্ষাবর্ষেও বেফাক পরীক্ষায় জামিয়ার হিফয ও কিতাব বিভাগের কৃতিত্ব ছিল প্রশংসনীয়।

উল্লেখ্য, মাওলানা আরিফ হক্কানীর দরস ও তত্ত্বাবধানে মাদানি নেসাবের পাঠদান চলছে মাদ্রাসাটিতে। এবং মাওলানা মুফতি মুঈনুল ইসলাম কাসেমীর তত্ত্বাবধানে দারুল উলুম করাচির নেসাব সম্বলিত ফতোয়া বিভাগ চলমান রয়েছে।

মুফতি জাকির হুসাইনের দক্ষ পরিচালনা ও অভিজ্ঞ শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসএএস