বগুড়ায় তেলবোঝাই ট্রাক লুট, চালক-হেলপারকে হাত পা বেঁধে ফেলা হলো জয়পুরহাটে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

চট্টগ্রাম থেকে রংপুরে যাওয়ার পথে বগুড়ার মহাস্থান গড়ের ব্রিজ এলাকায় সয়াবিন তেলভর্তি ট্রাক লুটের ঘটনা ঘটেছে। পরে লুট করা ওই ট্রাকের চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে জয়পুরহাটের কালাই পৌরশহরে। এসময় পুরো গায়ে কাঁদামাখা এবং অচেতন অবস্থায় ছিলেন তারা।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় এক কৃষক জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে কালাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে তাদের দুজনকে আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

ওই ট্রাকের চালকের নাম আবদুল মালেক (৪৬) ও তার সহকারী নজরুল ইসলাম (৪৭)।

তারা দুজনেই রংপুর জেলার বাসিন্দা। দুর্বৃত্তরা তাদের অজ্ঞান করে ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে সয়াবিন তেলবোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌর শহরের পূর্ব সরাইল ময়লার ভাগাড়ের ভেতর দুজনকে কাঁদামাখা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখানে তাদের মৃত ভেবে লোকজন জড়ো হন। এরপর ৯৯৯ এ কল করে ঘটনাটি জানানো হয়। কালাই থানা–পুলিশের কয়েকজন সদস্য এসে ময়লার ভাগাড় থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেন।

ট্রাকচালক ও সহকারীর বরাতে পুলিশ জানায়, রোববার রাতে চট্টগ্রাম থেকে এক ট্রাক সয়াবিন তেল নিয়ে রংপুরে যাচ্ছিলেন তারা। বগুড়ার মহাস্থানগড় সেতু এলাকার ১০ থেকে ১২ জনের একটি দল ওই ট্রাকে হানা দেয়। এসময় তারা কেবিনে ডুকে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। এরপর তাদের দুজনকে ফেলে দিয়ে তেলবোঝাই ট্রাক নিয়ে চলে যায়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, সয়াবিন তেলবোঝাই ট্রাকের চালক ও সহকারীকে অজ্ঞান করে ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে ট্রাকটি চট্রগ্রাম থেকে রংপুরে যাচ্ছিল।

ইত্তেফাক/এপি