বেড়েছে নারী কর্মীদের কদর

ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি’র পদ প্রত্যাশীরা

আপডেট : ০১ মে ২০২৫, ১৩:০৬

কুমিল্লার মনোহরগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি’র পদ প্রত্যাশীরা। জমে উঠেছে বিএনপি’র তৃণমূলের কাউন্সিল। এ কাউন্সিলে তৃণমূল বিএনপি কর্মীরা হচ্ছেন ভোটার। পুরুষের পাশাপাশি মূল্যায়ন করা হচ্ছে নারী কর্মীদের। বেড়েছে নারী কর্মীদের কদর। ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করতে ওয়ার্ড থেকে শুরু হয়েছে গণতান্ত্রিকভাবে কমিটি গঠনের এ প্রক্রিয়া।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনানুযায়ী তৃণমূল থেকে উপজেলা পর্যন্ত সকল কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করতে মাঠে নেমেছে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি। উপজেলার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কমিটি গঠন করতে ব্যস্ত সময় পার করছেন তারা। সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ১৮ এপ্রিল মনোহরগঞ্জ উপজেলায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। নেতৃত্ব নির্বাচনে বিএনপি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের কর্মীরা। 

সম্মেলনকে কেন্দ্র করে দীর্ঘ সময় মামলা হামলায় নির্যাতিত নেতা-কর্মীরা জেগে উঠেছে। বিএনপিকে সুসংগঠিত করতে পুরুষ কর্মীদের পাশাপাশি পিছিয়ে নেই নারী কর্মীরাও। বিএনপি’র এ কমিটিতে ভোটের মাঠে সমানতালে এগিয়ে যাচ্ছেন নারীরাও। ভোট পেতে প্রার্থীদের কাছে দলের সাধারণ কর্মীদের কদর বেড়েছে। সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হতে কর্মীদের কাছে ছুটছেন প্রার্থীরা। প্রার্থীদের কেউ চা দোকানে, কেউবা মাঠে, কেউবা বাড়িতে গিয়ে ভোটারদের দলের জন্য নিজের অবস্থান তুলে ধরে তাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। ওয়ার্ড থেকে উঠেছে হাইব্রিড বয়কটের স্লোগান। 

বিশেষ করে নারীদের দলে অন্তর্ভুক্ত করায় বিষয়টি আলোচনার শীর্ষে রয়েছে। জেগে উঠেছে নারীরাও। বেড়েছে নেতাদের সাথে কর্মীদের পারস্পরিক যোগাযোগ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এমন পরিবেশ দলের নেতা-কর্মীদের মাঝে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ কর্মীরা। এতে সুসংগঠিত হচ্ছে দল। তৃণমূলের এ কাউন্সিল শুরু হওয়ার পর উপজেলা বিএনপি’র সভাপতি ইলিয়াছ পাটোয়ারী ও সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিতে নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা ও অযোগ্যতা নিয়ে দেয়া হয়েছে নানা দিক নির্দেশনা। 

এদিকে কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলার কিছু জায়গায় নেতা-কর্মীদের মাঝে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। অনিয়মের অভিযোগে দু’ একটি স্থানে ভোটগ্রহণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার কথা জানা গেছে। বিএনপি’র গণতান্ত্রিক প্রক্রিয়ার এ সম্মেলনকে মনিটরিং করছেন জেলা নেতৃবৃন্দ। ইতিমধ্যে জেলার একটি সাংগঠনিক টিম যোগ দিয়েছেন বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড কমিটির এ সম্মেলনে। এর মধ্যে জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, মো. আমিরুজ্জামান রয়েছেন। 

এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন ইত্তেফাক-কে বলেন এ কাউন্সিল উপলক্ষে তৃণমূলে ব্যাপক সাড়া পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনানুযায়ী তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে দলকে সুসংগঠিত করার কাজ চলছে। কুমিল্লা জেলা বিএনপিও ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। 

তিনি বলেন মাদক, সমাজ বিরোধী, রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংগঠন পরিপন্থী কাজে সম্পৃক্ত কেউ নেতা নির্বাচনে অনুপযুক্ত বলে বিবেচিত হবেন। নেতৃত্ব নির্ধারণে যোগ্যতা ও অযোগ্যতা বিষয়ে একটি নির্দেশনা নেতা-কর্মীদের উদ্দেশ্যে উপজেলা বিএনপি’র প্যাডে লিখিতভাবে জানান দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে পর্যায়ক্রমে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি গঠন শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলা বিএনপির কমিটি গঠন করার কথা জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি