আসন্ন ঈদুল আজহার আগে আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যান্য স্কুল-কলেজের পাশাপাশি এই দুই শনিবার প্রাথমিক বিদ্যালয়গুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলবে।
বুধবার (১৪ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সামসুল আরিফ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। একইসঙ্গে, দাপ্তরিক কাজের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এতে বলা হয়, পূর্বের ঘোষণানুযায়ী ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এই প্রেক্ষাপটে, আগামী ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য মাঠ পর্যায়ে সব অফিসকে নির্দেশ দেওয়া হয়।

১০ম গ্রেড পেলেন ৪৫ প্রধান শিক্ষক, সরকারের ব্যয় বাড়ছে ২৩ লাখ
সর্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন: জমা অর্থের ৩০% এককালীন উত্তোলনের সুযোগ