কারিগরি শিক্ষার মানোন্নয়নের ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তবে সব কর্মসূচি ও মানববন্ধন প্রত্যাহার করে সচিবের আশ্বাসে ক্লাসে ফিরেছেন তারা।
সোমবার (২৬ মে) বিকেলে সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
বৈঠকে সচিব বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবির আলোকে ইতোমধ্যে একটি ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি চার দফা বৈঠক করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। সেই সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি এবং অধিকাংশ দাবি পূরণ করা হয়েছে।
বৈঠক শেষে উপস্থিত শিক্ষার্থী শাহজালাল আহমেদ বলেন, “সচিব স্যারের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করেছি। তিনি যে আন্তরিকতা দেখিয়েছেন, তাতে আমরা আশাবাদী। এখন আমরা ক্লাসে ফিরে গেছি।”
তবে আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে কি না—এই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান তিনি। বলেন, “ভবিষ্যতে এমন কোনো কর্মসূচিতে যাব না, যাতে জনদুর্ভোগ তৈরি হয়।”
