জাপানি টহল বিমানকে চীনা যুদ্ধবিমানের ধাওয়া নিয়ে উদ্বেগ টোকিওর

আপডেট : ১২ জুন ২০২৫, ১৩:০৮

প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো চীনের দুটি বিমানবাহী রণতরী ‘শ্যানডং’ ও ‘লিয়াওনিং’ একসঙ্গে অভিযান চালানোর কয়েক দিনের মধ্যেই জাপানের টহল বিমানকে চীনা যুদ্ধবিমান অত্যন্ত কাছাকাছি এসে ধাওয়া করেছে বলে অভিযোগ তুলেছে টোকিও। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১২ জুন) এক ব্রিফিংয়ে দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসি হায়াশি বলেন, এ ঘটনায় জাপান চীনের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। জাপান জানিয়েছে, গত সপ্তাহান্তে এই ধরনের দুইটি ঘটনা ঘটেছে, যেখানে চীনা যুদ্ধবিমানগুলো তাদের টহল বিমানগুলোর মাত্র কয়েক মিটার দূরত্বে উড়ে যায়। 

হায়াশি বলেন, 'আমরা চীনের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছি।'

জাপান দাবি করেছে, গত ৭ ও ৮ জুন চীনের শেনইয়াং জে-১৫ যুদ্ধবিমান দুটি জাপানের সামরিক টহল উড়োজাহাজ পি-৩সি’র খুব কাছ ঘেঁষে উড়ে যায়। একবার এক জে-১৫ বিমান ৪৫ মিটার দূরত্ব পর্যন্ত চলে আসে।

শনিবার শ্যানডং রণতরী থেকে উড্ডয়ন করা এক জে-১৫ প্রায় ৪০ মিনিট ধরে জাপানি একটি পি-৩সি বিমানকে অনুসরণ করে। পরদিন, রোববার আরেকটি জে-১৫ বিমান একই মডেলের অপর একটি পি-৩সি বিমানকে ৮০ মিনিট ধরে অনুসরণ করে এবং মাত্র ৯০০ মিটার দূরত্বে থেকে টপকে যায় বলে জানায় জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ওকিনাওয়ায় অবস্থানরত জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের এই পি-৩সি বিমানটি আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত নজরদারিতে ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এক বিবৃতিতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 'চীনা যুদ্ধবিমানের এমন ঘনিষ্ঠ ও অস্বাভাবিক আচরণ দুর্ঘটনাজনিত সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে।' ওই বিবৃতির সঙ্গে চীনা জে-১৫ যুদ্ধবিমানের একটি ক্লোজআপ ছবিও প্রকাশ করা হয়।

তবে ঘটনায় কোনো জাপানি বিমান বা ক্রু সদস্যের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

পরে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখ্য সচিব হায়াশি বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ বজায় রেখেই জাপান তাদের আকাশসীমায় নজরদারি আরও জোরদার করবে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই জাপান জানায়, প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো শ্যানডং ও লিয়াওনিং নামের চীনা দুটি বিমানবাহী রণতরী একসঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে।

টোকিওর মতে, বেইজিং এর মাধ্যমে একটি কৌশলগত বার্তা দিচ্ছে—চীন এখন শুধুমাত্র নিজের সীমান্তে নয়, আন্তর্জাতিক পরিসরেও সামরিক সক্ষমতা দেখাতে প্রস্তুত।

তবে চীনের দাবি, বিমানবাহী রণতরীগুলোর এই অভিযান ছিল ‘নিয়মিত প্রশিক্ষণ মহড়া’, যা কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হয়নি।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০১৪ সালে জাপান বলেছিল, পূর্ব চীন সাগরে তাদের একটি টহল উড়োজাহাজের মাত্র ৩০ মিটার দূর দিয়ে চীনের সামরিক বিমান উড়ে গিয়েছিল। সেবারও জাপান বেইজিংয়ের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছিল।

ইত্তেফাক/টিএইচ