ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে ইসরায়েলের মুহুর্মুহু হামলা 

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৮:৪৩

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (১৫ জুন) এই হামলা হয়েছে বলে বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলেও নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান বাহিনী বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে গোয়েন্দাভিত্তিক বিস্তৃত অভিযান চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর।

ইরানে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির বরাতে বিবিসি ও আল জাজিরাও এই হামলার তথ্য নিশ্চিত করেছে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবন ‘সামান্য’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিএনএন তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের একই এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও একটি ভবনে পৃথক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভবনটিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরের কার্যালয় রয়েছে।

এদিকে ইসরায়েলে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইরানের নতুন এই হামলায় সাতজন নিহত হয়েছেন। 

ইত্তেফাক/এসআর