ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ 

আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪:২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পাটকলের শ্রমিকরা। এসময় বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান তারা।

মঙ্গলবার (২৪ জুন) সকালে মহাসড়কের কাচঁপুর এলাকায় ‘মালেক জুট মিলের’ শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

বিক্ষোভরত শ্রমিকেরা বলছেন, মঙ্গলবারের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হলে আবারও তারা রাস্তায় নামবেন।

কারখানাটি উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে। 

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ গণমাধ্যমকে জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা তা মেনে মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ইত্তেফাক/এপি