অসুস্থ শিশুকে পাঁচ তলার জানালা দিয়ে ফেলে দিলেন মা!

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:০৮

বাচ্চাটা অসুস্থ ছিল। তাতেই হতাশ হয়ে তিন মাসের শিশুপুত্রকে হাসপাতালের পাঁচ তলার জানালা দিয়ে নীচে ফেলে দিল মা। সঙ্গে সঙ্গে শিশুটির মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনা ভারতের লখনউয়ের। 

এ ঘটনায়  শিশুটির মা শান্তিকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী কৌশাম্বির বাসিন্দা রাজন সিং পেশায় দিনমজুর। তিনি জানান, লিভারের একটি রোগে আক্রান্ত হয়ে ২৬ মে থেকে ট্রমা সেন্টার অফ জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটির নিওনেটাল ইউনিটে ভর্তি ছিল শিশুটি। 

গ্রেফতারের পর থানায় নিথর হয়ে বসেছিল শান্তি। কোনও কথার উত্তর দিচ্ছিল না সে। তার স্বামী রাজন জানান, তিনবার বাচ্চা নষ্ট হওয়ার পর প্রবল হতাশায় ভুগছিল শান্তি। এই শিশুটিরও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সে আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। সব ঠিক হয়ে যাবে বলে স্ত্রীকে আশ্বাস দিলেও তাতে কোনও কাজ হয়নি বলে জানান রাজন। তিনি বলেন, 'কখনও ভাবিনি সে এমন ঘটনা ঘটাতে পারে।' 

আরও পড়ুনঃ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন

২৩ এপ্রিল গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে প্রিম্যাচিওর অবস্থায় শিশুটির জন্ম হয়। জন্ডিস ছাড়াও তার লিভারের সমস্যা ধরা পড়ে। তাকে চিকিত্‍‌সার জন্য কেজিএমইউ হাসপাতালে রেফার করা হয়েছিল।

ইত্তেফাক/টিএস