শহীদ ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৭:৩৮

জুলাই মাসের গণআন্দোলনে শহীদ হওয়া ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৬ জুলাই) সকালে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ও সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে দেখা করেন। তারা ওয়াসিমের বাবা-মায়ের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দীন বলেন, 'আজ শহীদ ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকী। আমরা আশা করেছিলাম রাষ্ট্রীয়ভাবে তাকে যথাযথভাবে স্মরণ করা হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি, যা আমাদের গভীরভাবে হতাশ করেছে।'

তিনি আরও বলেন, 'ওয়াসিম যে স্বপ্ন ও আদর্শ নিয়ে জীবন উৎসর্গ করেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। বরং বর্তমান সরকার রাজনৈতিক কারণে তাকে অবমূল্যায়ন করছে, যা অত্যন্ত দুঃখজনক।'

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টা পর্যন্ত শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে ছাত্রদল ছাড়া অন্য কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠন উপস্থিত ছিল না।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে চট্টগ্রামে চলমান গণআন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি ছিলেন ছাত্রদলের সক্রিয় কর্মী।

ইত্তেফাক/আইএ