রংপুরে সড়ক সংস্কারে অনিয়ম, প্রতি বর্গমিটারে পাঁচ কেজি পাথর কম

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৭:২৮

রংপুর-সৈয়দপুর মহাসড়ক সংস্কারে অনিয়ম ধরা পড়েছে সেনাবাহিনীর হাতে। রংপুর চাকঘর থেকে তারাগঞ্জের চিকলী বাজার পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক সংস্কারের কাজে সরকারি এস্টিমেট অনুযায়ী নির্ধারিত পরিমাণ পাথর ব্যবহার না করে প্রতি স্কয়ার মিটারে পাঁচ কেজি করে পাথর কম দিয়েছে ঠিকাদার। আর এই অনিয়মের বিষয়টি উদ্ঘাটন করেছে রংপুর সেনানিবাসের ৬৬ ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৩৪ বেঙ্গল রেজিমেন্ট পরিচালিত সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল।

বুধবার লেফট্যানেন্ট নাজমুলের নেতৃত্বে টহল দলটি সিটি মোড় এলাকায় সড়কের কাজ পরিদর্শনে যায়। সেখানে সড়কের গঠন ও ব্যবহূত উপকরণ পরিমাপ করে অনিয়মের প্রমাণ পান তারা। এ সময় ঘটনাস্থলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

রংপুর সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রংপুর মেডিক্যাল মোড় থেকে পাগলাপীর বাজার, শলেয়াশাহ বাজার থেকে বরাতি সেতু, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারাগঞ্জ সেতু এবং তকনাগঞ্জ বাজার থেকে চিকলী বাজার পর্যন্ত মহাসড়কের ১৭ কিলোমিটার অংশে ডিবিএসটি (ডবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট) সহ সংস্কারকাজে বরাদ্দ হয় ২৬ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার ৯৪৬ টাকা। গত ৪ ফেব্রুয়ারি কাজটি পায় রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান ডন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ১০ কিলোমিটার সড়কে ডিবিএসটি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কার্যাদেশের চুক্তি মোতাবেক অক্টোবরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা।

সেনা কর্মকর্তা, প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকল্প অনুযায়ী প্রতি স্কয়ার মিটারে ২৩ কেজি পাথর ব্যবহারের শর্ত থাকলেও সেখানে দেওয়া হয়েছে ১৮ কেজি করে। অর্থাত্ প্রতি স্কয়ার মিটারে পাঁচ কেজি পাথর কম ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে ডন এন্টারপ্রাইজের প্রজেক্ট ম্যানেজার শাহিনুর রহমান বলেন, ‘আমাদের প্রজেক্ট অনুযায়ী ২৩ কেজি প্রতি স্কয়ারে পাথর দেওয়ার কথা ছিল। সেনাবাহিনীর টেস্টে ১৮ কেজি পাওয়া গেছে। আমরা তো সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে কাজ করছি। বেশি জায়গা না, ৮০০ মিটারে পাঁচ কেজি করে পাথর কম পেয়েছে সেনাবাহিনী। আমরা সড়ক পুনরায় মেরামত করে দেব।’

রংপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ডিজাইনে ছিল ২৩ কেজি, সেখানে ১৮ কেজি পেয়েছে। আমাদের দেখভাল করার লোকজন রয়েছে। যেহেতু দীর্ঘ একটা এরিয়া, কমবেশি হতে পারে।’

ইত্তেফাক/এএম