রাতের আঁধারে বাঁশের সঙ্গে নৌকা ঝুলিয়ে সকালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:৫৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গভীর রাতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি প্রতীকী নৌকা রাস্তার মোড়ে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ময়নাল হক (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় বাজার এলাকায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময়ে।

স্থানীয়রা জানান, মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) এবং মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫) রাতের আঁধারে বাজার মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা উঁচু বাঁশের আগায় ঝুলিয়ে দেন। নৌকার গায়ে "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগানযুক্ত একটি ডিজিটাল ব্যানার লাগানো হয়, যেখানে তাদের নিজেদের ছবিও প্রিন্ট করে সংযুক্ত ছিল। তারা উভয়েই আওয়ামী লীগের স্থানীয় কর্মী বলে জানা গেছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নৌকাটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকা ও ছবি দেখে ময়নাল হককে শনাক্ত করে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। অভিযুক্ত ময়নাল হকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে দুপুরেই কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্ত বারেককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

ইত্তেফাক/এএম