বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে খুলনার কয়রায় ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১ টায় খুলনার কয়রা থানার পাতাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় পরিত্যক্ত একটি বস্তা হতে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এসময় হরিণ শিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত হরিণের মাংস পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।’
