রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সহায়ক কর্মীর সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসলেও, প্রয়োজনীয় জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা।
উপজেলায় প্রায় ৫ লক্ষ জনসংখ্যার বিপরীতে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত ২৪ জন চিকিৎসকের স্থলে কর্মরত আছেন মাত্র ৯ জন। এর মধ্যে ২ জন প্রশাসনিক কাজে ব্যস্ত, ১ জন ডেপুটেশনে এবং ১ জন মাতৃত্বকালীন ছুটিতে। ফলে কার্যত চিকিৎসাসেবা দিচ্ছেন মাত্র ৫ জন চিকিৎসক। ৯ জন কনসালটেন্টের স্থলে আছেন মাত্র ৩ জন। পরিচ্ছন্নতা কর্মী, টেকনিশিয়ান, অপারেটর ও আউটসোর্সিং পদগুলোতেও রয়েছে শূন্যতা। হাসপাতালে এক্সরে ও ইসিজি মেশিন থাকলেও টেকনিশিয়ান না থাকায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। রোগী বহনের জন্য রয়েছে ২৩ বছরের পুরনো একটি এম্বুলেন্স, যা প্রায়ই বিকল হয়ে পড়ে।
মঙ্গলবার (২৯ জুলাই) সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন প্রায় ৭০০ রোগী টিকিট কেটে চিকিৎসা নিতে আসেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত সেবা পান না।
ময়েন নামে এক রোগী বলেন, ‘চিকিৎসকরা চাইলেও সময় দিতে পারেন না, কারণ রোগীর চাপ অনেক বেশি।’
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, ‘চিকিৎসাসেবা সুষ্ঠু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জনবল সংকট কাটিয়ে উঠতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদা পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, ‘হাসপাতালের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও ঔষধ বিতরণে অনিয়ম দূর করতে কাজ চলছে।’
