ঢাকার আবহাওয়া আজ শুষ্ক থাকবে

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯:০৭

রাজধানীর আবহাওয়া নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সবশেষ সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে-আজ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইত্তেফাক/এনটিএম