ভিডিও ধারণের সময় পানির স্রোতে ভেসে গেলেন ইউটিউবার

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৯:১০

ভারতের ওড়িশা রাজ্যের কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে রিল ভিডিও ধারণ করতে গিয়ে পানির স্রোতে ভেসে গেছেন এক ইউটিউবার। তিনি এখনো নিখোঁজ রয়েছেন। রোববার (২৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

নিখোঁজ যুবকের নাম সাগর টুডু (২২)। তিনি ওড়িশার গ্যাঞ্জাম জেলার বেরহামপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দুপুরে জলপ্রপাতের সামনে একটি পাথরের ওপর দাঁড়িয়ে ড্রোন ক্যামেরায় ভিডিও ধারণ করছিলেন সাগর। ইউটিউব চ্যানেলের জন্য বন্ধু অভিজিৎ বেহেরাকে সঙ্গে নিয়ে কোরাপুটে গিয়েছিলেন তিনি।

এ সময় মাচকুন্ড বাঁধ থেকে পানি ছাড়ার ফলে হঠাৎ প্রবল স্রোতে সাগর পাথরে আটকা পড়েন এবং কিছুক্ষণ পর ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনার একাধিক ভিডিও ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/এএম