গ্রিমসবির কাছে লজ্জাজনক হার, কাপ স্বপ্ন শেষ ম্যানইউর

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:১৫

কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউনের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে রুবেন আমোরিমের দল।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই সাহসী ফুটবল খেলেছে গ্রিমসবি। ম্যানইউর রক্ষণভাগে চাপ তৈরি করে প্রথমার্ধেই দুইবার জালের দেখা পায় তারা। ম্যাচের ২২ মিনিটে চার্লস ভেরনাম এবং ৩০ মিনিটে টাইরেল ওয়ারেনের গোলে এগিয়ে যায় সফরকারী দলটি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রেড ডেভিলরা। ৭৫ মিনিটে কোবি মাইনুর পাস থেকে গোল করেন ব্রায়ান এমবুয়েমো, যেটি ছিল ম্যানইউর জার্সিতে তার প্রথম গোল।    

ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে হেড করে সমতা ফেরান হ্যারি মাগুয়ের। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দুই দলই সমানতালে এগোতে থাকে। কিন্তু শেষ শটটি মিস করে বসেন এমবুয়েমো। অন্যদিকে গ্রিমসবির খেলোয়াড়রা একের পর এক সফল শটে জাল কাঁপিয়ে ১২-১১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

এই জয়ে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে গ্রিমসবি, আর বিদায় নিয়েছে রেকর্ড ১৩ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।  

প্রিমিয়ার লিগেও ম্যানইউর শুরুটা হতাশাজনক। মৌসুমের প্রথম ম্যাচে আর্সেনালের কাছে ০-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ফুলহ্যামের সঙ্গে ১-১ ড্র করেছে তারা।

ইত্তেফাক/এনজি/এনএন