আরএসএস’র শতবর্ষ উদযাপনে আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ককে

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২১:০৪

ভারতের নয়াদিল্লিতে দেশটির হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস-এর শতবর্ষ উদযাপন চলছে। বুধবার (২৮ আগস্ট) শুরু হওয়া সংগঠনটির এক আয়জনে উল্লেখযোগ্য কূটনৈতিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংগঠনের প্রধান মোহন ভাগবতের তিন দিনের বক্তৃতা সিরিজের দ্বিতীয় দিনে অর্ধশতাধিক দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিকে উপস্থিত দেখা গেছে।

ভারতীয় ট্রিবিউন ইন্ডিয়া'র খবর অনুসারে, অনুষ্ঠানে ১০ জনেরও বেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং চার্জ ডি'অ্যাফেয়ার্সসহ প্রায় ৪৫ জন দূতাবাস কর্মকর্তা থাকলেও পাকিস্তান, বাংলাদেশ এবং তুরস্কের মতো দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি।

উপস্থিত কূটনীতিকদের মধ্যে ছিলেন ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ডিসিএম রোমান বাবুশকিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক মিনিস্টার কাউন্সেলর অ্যারন কোপ। এছাড়া নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, অস্ট্রেলিয়া, লিথুয়ানিয়া এবং সার্বিয়ান কূটনীতিকদের সেখানে দেখা যায়।

অন্যান্য প্রতিনিধিদের মধ্যে ছিলেন ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, চীন, ইউক্রেন, ডেনমার্ক, নরওয়ের কর্মকর্তারা।

এদিকে, মোহন ভাগবতের বক্তৃতায় ভারতের ওপর আরোপিত ৫০% মার্কিন শুল্ক আরোপের প্রভাবের বিষয়টি উঠে এসেছে। তিনি বলেছেন, ভারতের জাতীয় নীতিতে আন্তর্জাতিক বাণিজ্য এমনভাবে হওয়া উচিত, যা সম্পূর্ণ স্বেচ্ছায় এবং স্বাধীন সিদ্ধান্তের ভিত্তিতে হয় — কোনো রকম বিদেশি চাপের ফলে নয়।

তিনি বলেন, 'আমরা কেন সেইসব পণ্য আমদানি করব, যা আমাদের দেশে উৎপাদন করা সম্ভব? কেবলমাত্র সেই সমস্ত জীবনধারনের জন্য অপরিহার্য বস্তু আমদানি করাই যুক্তিযুক্ত, যা দেশীয়ভাবে উৎপাদিত হয় না।'

ইত্তেফাক/এসকে