আড়াইহাজারে মৃত মানুষের মাথার খুলি ও কঙ্কালের হাড়সহ গ্রেপ্তার ৪

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৮:৫২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাথার খুলি ও দেহের কঙ্কালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলে শনিবার দুপুরে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়।   

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের কোতোয়ালী থানার নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (২৬), ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাউসা এলাকার আমির হোসেনের ছেলে আব্দুল জলিল (২৫), জামালপুরের সিহাটা বাজার বাকাইল এলাকার আনছার আলীর ছেলে সুমন মিয়া (২০) ও মৌলবীবাজারের কুলাউড়া থানার দক্ষিণ ইসলামাবাদের নাছির দর্জির ছেলে রাহেল (২০)। 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম  জানান, উপজেলার উচিৎপুরা থেকে আড়াইহাজার বাজারে যাওয়ার পথে কতিপয় লোকদের গতিবিধি সন্দেহ হলে তাদেরকে গতিরোধ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়। এদের মধ্যে সোহেল মিয়ার হাতে থাকা একটি ব্যাগে থাকা চারটি মৃত মানুষের কঙ্কালের মাথার খুলি ও কঙ্কালের বিভিন্ন অঙ্গের ১৫০টি হাড় ও আব্দুল জলিলের কাছে থাকা একটি ব্যাগে থাকা মৃত মানুষের কঙ্কালের ২৯৬টি হাড়সহ সর্বমোট ৪৫০টি হাড় উদ্ধার করা হয়। 

আরও পড়ুন:  সুজনের বিশ্বাস, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকার কবরস্থান থেকে মৃত মানুষের মাথার খুলি ও মৃত মানুষের হাড় চুরি করে রাহেল মিয়ার কাছে বিক্রি করে। আর তাদের জিজ্ঞাসাবাদ তারা স্বীকার করেছে তারা সেলিম মিয়ার কাছে প্রতি মৃত মানুষের মাথার খুলি ও হাড় ৫ হাজার টাকা করে বিক্রি করে। আর রাহেল মিয়া ঢাকার মিডফোর্ড হাসপাতালের এক ডাক্তারের কাছে ২০ হাজার টাকা করে বিক্রি করা হয়। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

ইত্তেফাক/জেডএইচডি