নারায়ণগঞ্জে জাহাজ থেকে নিখোঁজের ২৭ ঘণ্টা পর রিতুল ঘোষ (১৪) নামে স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর শীতলক্ষ্যার ৫ নং ঘাটে নোঙর করা ‘এমবি সজল তন্ময়-২’ জাহাজের ডেক থেকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
রিতুল ঘোষ নগরীর দেওভোগ এলাকার দুলাল ঘোষের ছেলে এবং বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে গত শুক্রবার ১১টার দিকে তার চার বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলো।
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় রিতুলের চার সহপাঠীকে আটক দেখানো হয়েছে এবং এমবি সজল তন্ময়-২ জাহাজ সংশ্লিষ্ট ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও জাহাজটিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
আরো পড়ুন: সুজনের বিশ্বাস, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে
রিতুলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম। তিনি রিতুলের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, গত শুক্রবার ১১টার দিকে রিতুল তার চার সহপাঠী বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে বাড়ি ফিরেনি। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোক তল্লাশি করতে গিয়ে এমবি সজল তন্ময়-২ নামের জাহাজরে ডেক থেকে রিতুলের লাশ উদ্ধার করে।
ওসি বলেন, এ ঘটনায় রিতুলের চার সহপাঠী জানিয়েছে, নদীতে গোসল করার সময় তারা জাহাজ থেকে লাফিয়ে পড়ছিলো। এসময় তারা একে অপরকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে। কিন্তু একটা পর্যায়ে রিতুলের কোনো খোঁজ না পেয়ে তারা নিজেদের মতো করে বাসায় ফিরে আসে।
ইত্তেফাক/জেডএইচ
