চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ছাত্রদলের লালকার্ড প্রদর্শন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিল কলার ঝুপড়ি ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, প্রশাসন শিক্ষার্থীদের ওপর হামলার দায় এড়াতে পারে না। এখনো মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তাই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা ও ব্যর্থ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানান তারা।

সমাবেশে স্লোগান দেওয়া হয়— ‘প্রশাসনকে লাল কার্ড’, ‘প্রক্টরকে লাল কার্ড’, ‘নারী বিদ্বেষী প্রশাসন লাল কার্ড’, ‘জমিদার তুই চবি ছাড়’, ‘সন্ত্রাসীদের বিচার চাই’।

ছাত্রদল নেতারা আরও অভিযোগ করেন, চবিতে জামায়াত নেতার ‘নব্য জমিদারি প্রথা’ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের সঙ্গে রেজিস্ট্রারের অগ্রহণযোগ্য আচরণ নজিরবিহীন বলে মন্তব্য করেন তারা।

ইত্তেফাক/এসজেএস/এমএএস