কুয়াকাটা উপকূলের বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল আকারের এক বিশাল তবলা মাছ। স্থানীয়ভাবে যেটি 'ট্রেভ্যালি ফিশ' নামে পরিচিত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ধরা পড়া মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে মুহূর্তেই এলাকাজুড়ে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
প্রায় ৩০ কেজি ওজনের এই মাছটির মূল্য নিলামে উঠেছে ২৪ হাজার টাকা, অর্থাৎ কেজিপ্রতি প্রায় ৮০০ টাকা। যদিও কুয়াকাটা অঞ্চলে মাছটির তেমন বাণিজ্যিক চাহিদা নেই, তবে ভোজনরসিকদের কাছে এটি একটি পছন্দের মাছ। সুস্বাদু মাংস, কম কাঁটা ও প্রোটিনসমৃদ্ধ হওয়ায় এর আলাদা কদর রয়েছে। স্থানীয়ভাবে একে তবলি, বগা বা খাঁদিয়া মাছ নামেও ডাকা হয়।
মৎস্যজীবীদের ভাষ্য, সাধারণত গভীর সমুদ্র এলাকায় এই প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ সচরাচর জালে ধরা পড়ে না। তাই মাছটি নিয়ে এলাকাজুড়ে ছিল ব্যাপক আগ্রহ।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ধরা পড়া মাছটি ক্যারেনজিট পরিবারের ফ্যাজেলি জাতের অন্তর্ভুক্ত। এ জাতীয় মাছ আকারে বড় হয় এবং বাজারমূল্যও বেশ ভালো।
