কক্সবাজারের উখিয়াতে সেনা ও এপিবিএন যৌথ চেকপোস্টে তল্লাশিকালে সিএনজি চালকসহ দু'জন আটক হয়েছেন। এ সময় সিএনজির ভেতরে লুকানো ৯ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া সেনাবাহিনী ক্যাম্পের সামনে চেকপোস্টে ইয়াবাসহ এ দু'জনকে আটক করা হয়।
আটকরা হলেন, উখিয়া রাজাপালংয়ের জালাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ও মৃত নুর আহমেদের ছেলে জলু মিয়া।
উখিয়া চেকপোস্টে দায়িত্বরত এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১২টার দিকে উখিয়া সেনা ক্যাম্পের সামনে যৌথবাহিনী চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি করতে গেলে নির্দেশনা অমান্য করে পালিয়ে যেতে উদ্যত হয়। এ সময় চেকপোস্টে কর্তব্যরত সেনাসদস্য সিএনজি চালক এবং তার সহযোগী যাত্রীকে আটক করে।
পরবর্তীতে সিএনজিটি তল্লাশি করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হেলাল উদ্দিন এবং তার সহযোগী জলু মিয়াকে সিএনজির পেছনে ৯ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সেনা ও এপিবিএন পুলিশে দু'জন মাদক পাচারকারী আটক হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

